নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প: শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ
নাগেশ্বরী প্রতিনিধিঃ
গরিব ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ডে রবিবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী “ফ্রি মেডিকেল ক্যাম্পেইন”।
ক্যাম্পে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।দুইটি অধিবেশনে ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডায়নারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত আরাজি কুমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেবা প্রদান করা হয়।ক্যাম্পে সেবা প্রদান করেন ভারতের বিশিষ্ট চিকিৎসক ডাঃ পারমিতা চক্রবর্তী, এমবিবিএস, পি.জি.টি গাইনী এন্ড অবস, সি.এম.ইউ আল্ট্রাসোনোগ্রাফী।
তিনি মেডিসিন, গাইনী, মা ও শিশু এবং নাক-কান-গলা রোগের চিকিৎসা দেন।অন্যজন ছিলেন রংপুর মেডিকেল কলেজের ডাঃ রানা আর্য জয়, এমবিবিএস, পি.জি.টি মেডিসিন, সি.এম.ইউ আল্ট্রা। তিনি মেডিসিন, চর্ম-যৌন ও ডায়াবেটিস রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।ক্যাম্প শেষে সাংবাদিক এর সাক্ষাৎকারে আয়োজক মিল্লাত হোসেন বলেন, “৯ নং ওয়ার্ডের মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এই উদ্যোগ।
এলাকার গরিব মানুষ যেন বিনা খরচে প্রাথমিক চিকিৎসা পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। আজকের ক্যাম্পে যারা সেবা নিয়েছেন, তাদের সুস্থতাই আমাদের প্রাপ্তি। ভবিষ্যতে প্রশাসনের সহযোগিতা নিয়ে আরও বড় পরিসরে এমন ক্যাম্প করার ইচ্ছা আছে এবং জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ তিনি আরও জানান, নাগেশ্বরী থানার ওসি মহোদয়ের লিখিত অনুমতি নিয়ে ক্যাম্পটি পরিচালিত হয়েছে। ক্যাম্পে কোনো প্রকার রাজনৈতিক স্লোগান বা বিশৃঙ্খলা হয়নি।ক্যাম্পে চিকিৎসা নিতে আসা আরাজি কুমরপুরের ৬০ বছর বয়সী করিম মিয়া বলেন, “ডাক্তার দেখাইতে শহরে যাইতে পারি না। টাকাও নাই গরীব মানুষ।
কিন্ত আজ ফ্রিতে ওষুধ পাইলাম, মনটা ভইরা গেলো।স্থানীয় মুরুব্বিরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে ধারাবাহিকভাবে এ ধরনের ক্যাম্প আয়োজনের দাবি জানান।
