হালদা নদীর খনন উদ্বোধন করেন ওয়াদুদ ভূইয়া এমপি
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মনিকছড়ির হালদা নদীর উৎপত্তির স্থানের কাছাকাছি হতে ৫ কিলোমিটার অংশের খনন কাজের উদ্বোধন করেছেন খাগড়াছড়ি আসনের সাংসদ ওয়াদুদ ভূইয়া ।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪ টায় জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যছলা বাজারের পাশ্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
জানা যায়, ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা ব্যয়ে হালদা নদীর উৎপত্তির স্থানের কাছাকাছি সালদাপাড়া হতে দক্ষিনদিকে ৫ কিলোমিটার অংশ খনন কাজ আগামী ৪৩ দিন ধরে চলবে। এ প্রকল্পে প্রতিদিন ৪৯৬ জন শ্রমিক কাজ করবেন।
৯৪ কিলোমিটার দীর্ঘ হালদা নদী রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন-এর হাসুকপাড়া ঝিরি থেকে উৎপত্তি হয়ে মানিকছড়ি, ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলা অতিক্রম করে কর্ণফুলী নদী-তে মিলিত হয়েছে। নদীটি এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত।
