মিটালু বাগানবাড়ি এলাকায় মোটরসাইকেল
এসএসসি পরীক্ষার্থী সৌরভ নিহত
মোঃ সজিব
বিশেষ প্রতিনিধি গাজীপুরঃ
গাজীপুরের রাজাবাড়ি থেকে শ্রীপুরগামী সড়কের মিটালু বাগানবাড়ি এলাকায় শনিবার সন্ধ্যায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সৌরভ ফকির (১৬) নিহত হয়েছেন। তিনি মাধবপুর এলাকার আমিন ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে নুরু মাস্টারের বাড়ির সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় বাসিন্দা পারভীন আক্তার (৩৫)-এর ওপর উঠে যায়। এ সময় মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন।
নিহত সৌরভ ফকির মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন সৌরভের বোনের জামাই এবং মাঝখানে বসা প্রায় ৮ বছর বয়সী একটি শিশু। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সৌরভ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত পারভীন আক্তারের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, পারভীন আক্তারের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
নিহত সৌরভ ফকির চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
