মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সঃ লালমনিরহাট সীমান্তে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
মিলন কুমার বর্মন
নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে লালমনিরহাট জেলার সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশেষ করে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মাদক চোরাচালান রোধে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্ত পথে যাতে কোনো ধরনের মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সেজন্য নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। ইয়াবা,গাঁজা, ফেনসিডিল,স্কাফ সহ বিভিন্ন মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন শুধু অভিযানই নয়, সচেতনতামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত এলাকায় কোনো ধরনের মাদক চোরাচালান কিংবা ব্যবসার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত থাকলে মাদক প্রবেশ অনেকাংশে কমে আসবে এবং যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।
