প্রেম-প্রতারণায় দুই স্বামী: দ্বৈত সংসারে গাজীপুরে তোলপাড়
মোঃ সজিব
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর এলাকায় এক নারীকে কেন্দ্র করে প্রেম, গোপন বিয়ে, দ্বৈত সংসার, ডিভোর্স নাটক ও যৌতুক মামলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, একই সঙ্গে দুই পুরুষের সঙ্গে সম্পর্ক ও সংসার করার অভিযোগে পুরো এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
ভুক্তভোগী মো. সানির দাবি, প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে মর্জিনা নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের সময় মর্জিনা তার আগের বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন রাখেন বলে অভিযোগ করেন সানি।
সানির ভাষ্যমতে, বিয়ের এক মাস পর হঠাৎ একদিন আরিফ নামে এক ব্যক্তি ফোন করে জানতে চান কেন তার স্ত্রীর ফোন সানি ব্যবহার করছেন। তখনই সানি জানতে পারেন, মর্জিনা আগে থেকেই বিবাহিত এবং তার একটি কন্যা সন্তানও রয়েছে।
অভিযোগ রয়েছে, সত্য জানার পরও সানি সংসার চালিয়ে যেতে থাকেন। কিন্তু মর্জিনা পড়াশোনার অজুহাতে হোস্টেলে থাকার কথা বলে নিয়মিত প্রথম স্বামী আরিফের কাছে যাতায়াত করতেন। পরে প্রথম স্বামী বিষয়টি জানার পর তাদের মধ্যে ডিভোর্স হয়েছে বলে জানানো হয়। এরপর আবার নতুন করে সানিকে বিয়ে করেন মর্জিনা। প্রথম বিয়েতে ১ লাখ টাকা এবং দ্বিতীয় বিয়েতে ৫ লাখ টাকা কাবিন ধার্য করা হয় বলে জানান সানি।
পরবর্তীতে আরিফ কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শ্রীপুরের নলিয়াটেকী এলাকা থেকে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সানির অভিযোগ, তার কাছ থেকে চলে যাওয়ার পরও মর্জিনা আবার প্রথম স্বামীর সংসারে ফিরে যান এবং সেখানেই বসবাস করতে থাকেন। এমনকি সেখানে তার একটি পুত্র সন্তানও জন্ম হয়। অথচ একই সময়ে তিনি আদালতে দাবি করেন, সানিই তার বৈধ স্বামী এবং তিনি অন্য কোথাও বিয়ে করেননি।
এদিকে সানির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন মর্জিনা। মামলার পর দীর্ঘ সময় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
সম্প্রতি আদালতে হাজিরার সময় দুজনের দেখা হলে মর্জিনা নাকি ডিভোর্স দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং মামলা তুলে নেওয়ার কথাও বলেছেন। তবে এখন পর্যন্ত সানি কোনো ডিভোর্সের কাগজ পাননি বলে দাবি করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। এক নারী কীভাবে একই সময়ে দুই স্বামীর সঙ্গে সম্পর্ক ও সংসার চালান তা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। অনেকে বিষয়টিকে প্রতারণা বলে উল্লেখ করছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে মর্জিনা অস্বীকার করে বলেন, আমার উপরে আনিত অভিযোগগুলা সম্পূর্ণ মিথ্যা, প্রথম স্বামী আরিফের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
