শ্রীপুরে জমি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
মোঃ সজিব
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুলিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, মারধর ও দখলচেষ্টার অভিযোগ তুলেছে। এ ঘটনায় থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা আব্দুল বাতেন মোল্লা দাবি করেন, তার ছেলে বৈধভাবে জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক সেই জমি দখলের চেষ্টা চালাচ্ছে। তার অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিপক্ষ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অন্যদিকে, অপর পক্ষ আব্দুল হোসেন তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, প্রতিপক্ষ তার মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ করে গাছপালা কেটে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করেছে। এছাড়া তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত এই বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। উভয় পক্ষই একাধিকবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উভয় পক্ষের অভিযোগ ও সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
