রামগড়ে চুরির ২ লাখ টাকাসহ ৩ জন আটক
রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ঔষধ কেনার অজুহাতে এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া সম্পূর্ণ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ শেষে স্থানীয় বাসিন্দা মোঃ নুরুন নবী সোনাইপুল বাজার-এর হক মেডিকেল নামক একটি ফার্মেসিতে ঔষধ কিনতে যান।
এ সময় অসাবধানতাবশত তিনি ২ লাখ ১০ হাজার টাকার একটি বান্ডিল দোকানের টেবিলের ওপর রাখেন। সুযোগ বুঝে আগে থেকে ওত পেতে থাকা একটি চক্র ঔষধ ক্রেতা সেজে কৌশলে টাকার বান্ডিলটি সরিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে টাকা হারানোর বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী বাজারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করেন এবং রামগড় থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে এসআই আনছার উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মোঃ ওমর ফারুক (২৮)-কে আটক করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও দুইজন—লক্ষ্মীপুর জেলার কমলনগরের আলি আকবর (২৭) ও বিবি হাজেরা (২৮)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া সম্পূর্ণ ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রামগড় থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
