বান্দরবানে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মোঃ রাসেল
জেলা প্রতিনিধি বান্দরবানঃ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫–২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (১৪ মার্চ) বান্দরবানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ জাবেদ রেজা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা ও বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, “তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফুটবলার তৈরি করতে এই ধরনের প্রতিযোগিতা দেশব্যাপী ফুটবলের জোয়ার সৃষ্টি করবে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চাই বড় হাতিয়ার।”
বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আবদুর রহমান তরুণ খেলোয়াড়দের সুশৃঙ্খল জীবনযাপন ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে জাতীয় পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মোঃ জাবেদ রেজা টুর্নামেন্ট সফলভাবে আয়োজনে সহযোগিতার জন্য বাফুফে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, কোচ এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। সমাপনী ম্যাচে বিজয়ীদের উল্লাসের মধ্য দিয়ে মাসব্যাপী এই আয়োজনের পর্দা নামে।
