খুলনায় শুরু ফ্যামিলি কার্ড কর্মসূচি বিভাগীয় দায়িত্বে নজরুল ইসলাম মঞ্জু
মো: মাহমুদুর রহমান
সদর উপজেলা খুলনা প্রতিনিধিঃ
দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সহায়তায় সরকারের নতুন উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং কার্যক্রমে খুলনা বিভাগের দায়িত্ব পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
মঙ্গলবার খুলনা নগরীর খালিশপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
সারা দেশে একযোগে ১৪টি স্থানে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হয়েছে। প্রযুক্তিনির্ভর পিএম স্কোরিং পদ্ধতির মাধ্যমে ৪৯ ধরনের তথ্য বিশ্লেষণ করে উপকারভোগী নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে এবং আগামী বাজেটের পর আরও বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন,
“এখন ফ্যামিলি কার্ড পরবর্তীতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম ও পুরোহিতদের সহায়তার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করি। বিশ্বাস করি ভালো মানুষকে দিয়েই নতুন পথ তৈরি হবে।”
খুলনা বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রথম ধাপে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে কয়েক হাজার উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বাকি উপকারভোগীদের কাছেও পর্যায়ক্রমে কার্ড পৌঁছে দেওয়া হবে।
