লালমনিরহাটে ডিবির পৃথক অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার
মিলন কুমার বর্মন
নিজস্ব প্রতিবেদক :
লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) ‘র পৃথক অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ৮২টি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে দিকে ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান পরিচালনা করে।
সেখানে একটি বাড়িতে অবস্থান করে মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া ও বিভিন্ন আইডি কার্ড দিয়ে নিবন্ধিত সিম বিক্রির মাধ্যমে যুব সমাজকে জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পায় ডিবি পুলিশ।
অভিযানে ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা একই ইউনিয়নের লতাবর ঢাকাইয়াটারী এলাকায় আরেকটি স্থানে অভিযান চালিয়ে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম আরিফুল (২৪) নামে আরও দুজনকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোতে একাধিক অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল ছিল। এছাড়া উদ্ধার করা সিম কার্ডগুলো দিয়ে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছিল,যা জুয়ার লেনদেনে ব্যবহৃত হতো।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অফিসার ইনচার্জ (ডিবি) সাদ আহম্মেদ জানান, অনলাইনে জুয়া ও অবৈধ সিম বানিজ্য ব্যবাহারকারী বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
