ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী ছাত্রদল ভালুকা উপজেলা, পৌর শাখা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ভালুকা ধানের শীষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক সংগ্রাম ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ আরও বলেন, দেশনেত্রীর আদর্শ ধারণ করে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ ভালুকা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
