রাহিমুল ইসলাম সজীব
নাগেরশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোপালপুর উত্তর সরকারটারী এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি কাটার অভিযোগ উঠেছে নুহু নামের এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে আবাদি জমি গভীরভাবে খনন করে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করছেন।
এলাকাবাসী জানায়, মাঠের পাড়ের উত্তর দিকের কয়েকটি আবাদি জমি নুহু গোপনে খনন করছেন। এতে জমির উৎপাদনশীলতা ধ্বংস হচ্ছে এবং পার্শ্ববর্তী জমিগুলোরও ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়াতে দিনের বেলা সীমিত কাজ এবং রাতে পূর্ণ মাত্রায় ভেকু দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে।
স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে নুহু এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছেন বলেও জানায় এলাকাবাসী। ভূমি আইন অনুযায়ী ফসলি জমি ভেকু দিয়ে খনন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বিষয়টি নিয়ে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত প্রশাসনিক অভিযান না হলে এলাকায় ফসলি জমির অপূরণীয় ক্ষতি হবে এবং কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হবে।
