খাগড়াছড়ি প্রতিনিধি:
১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত রামগড় মহকুমা শহর হানাদারমুক্ত হয়। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা ও বর্তমান খাগড়াছড়ি জেলা নিয়ে বিস্তৃত তৎকালীন রামগড় মহকুমা এলাকায় মুক্তিযুদ্ধের শুরুর দিকে সাংগঠনিক ও অভিযানিক নেতৃত্ব দেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি রামগড় থানার পুরাতন ভবনকে সামরিক কার্যালয় এবং রামগড় প্রধান ডাকঘর ভবনকে ডাকবাংলো হিসেবে ব্যবহার করেছিলেন।
রামগড় মুক্ত দিবস উপলক্ষে ৮ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামিম। এছাড়া বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপি সভাপতি মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারি নাথ ও আবুল কালাম প্রমুখ।
