চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ এর বদলি জনিত বিদায় উপলক্ষে থানা প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে থানার কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম, সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছানা উল্লাহ, উপ-পরিদর্শক অভিজিৎ, এসআই আবুল কালাম, সহকারী উপ-পরিদর্শক অনন্ত দাসসহ থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
ওসি হেলাল উদ্দিন আহমেদ চৌদ্দগ্রাম থানায় দায়িত্ব পালনকালে তাঁর দক্ষতা, আন্তরিকতা ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিদায়বেলায় সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের পক্ষ থেকেও তিনি পেয়েছেন ভালোবাসা ও শুভকামনা।
সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর কর্মদক্ষতা, মানবিক আচরণ ও দায়িত্বশীলতা উল্লেখ করে ভবিষ্যৎ কর্মস্থলের জন্য শুভকামনা জানান। ওসি হেলাল উদ্দিনও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চৌদ্দগ্রামবাসীর সহযোগিতা ও ভালোবাসাকে নিজের সর্বোচ্চ প্রাপ্তি বলে উল্লেখ করেন।
