মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি :
বরগুনায় বিএনপির জেলা আহবায়ক কমিটি ব্যতীত ৪৬৬টি কমিটি বিলুপ্ত।
বরগুনা জেলা আহবায়ক কমিটি ব্যতীত সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের মোট ৪৬৬টি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
জানা যায়, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব দলীয় প্যাডে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীনকে পাঠানো এক পত্রে অবহিত করেন যে বরগুনা জেলার সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিদ্যমান কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। এই চিঠিটিই প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
দলীয় সূত্র জানায়, বরগুনায় ছয়টি উপজেলা, চারটি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ৪২টি ইউনিয়ন কমিটি, প্রতিটি ইউনিয়নের নয়টি করে মোট ৩৭৮টি ওয়ার্ড কমিটি, ছয়টি উপজেলা কমিটি, চারটি পৌরসভা কমিটি এবং প্রতিটি পৌরসভার নয়টি করে মোট ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ৪৬৬টি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
