খোরশেদ আলম সাগর
রংপুর প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক বিরোধের জেরে আরিফুল ইসলাম সুজা (২৩) নামে এক যুবককে হাতকড়া পরিয়ে আটক রেখে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর ২০২৫) গঙ্গাচড়া সদরের মধ্য নবনীদাস এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মামা নুর ইসলাম (৫৩) গত শুক্রবার গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, আরিফুল ইসলাম একজন সরল স্বভাবের মানুষ। তার মা মারা যাওয়ার পর তার পিতা নুরুল ইসলাম দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় বিবাহের পর থেকেই সৎ মা ও পিতা বিভিন্ন সময় তাকে শারীরিক নির্যাতন এবং হত্যাচেষ্টাসহ মানসিকভাবে হয়রানি করে আসছেন। এমনকি ঘুমের ওষুধ খাইয়ে দুর্বলও করে ফেলা হয়েছে তাকে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন অভিযুক্ত পিতা নুরুল ইসলাম (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য), সৎমা সাজিনা বেগমসহ শাহাজান (৫৮), আবুল কাশেম (৫০) ও নয়া মিয়া (৫৫), যোগসাজশে আরিফুলকে বাড়িতে আটক রেখে মারধর করেন । তখন আরিফুলের দুই হাত পেছনে দিয়ে অবৈধভাবে রাখা হাতকড়া পরিয়ে তালাবদ্ধ করা হয়। রাতের অন্ধকারে তাকে হত্যা করে লাশ গুমের ষড়যন্ত্রও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে বিকেল ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে অভিযোগকারী, স্বাক্ষীগণ ও স্থানীয় লোকজন ইউপি সদস্যের সহযোগিতায় আরিফুলকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা তাদেরকেও ভয়ভীতি প্রদর্শন করে এবং হামলার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় জখম অবস্থায় আরিফুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
