শাহ সাহিদ উদ্দিন
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা দেবিদ্বার উপজেলার নিউমার্কেট এলাকায় গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে মোট ৬টি মামলায় ৮৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে লোকনাথ মিষ্টি ভান্ডার ও মধুরাজ মিষ্টি ভান্ডারে উৎপাদন তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী ২ মামলায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গোমতী ফার্মেসী ও রউফ ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে একই আইনের ৫১ ধারা অনুযায়ী ২ মামলায় মোট ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, একটি মাংসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিয়মবহির্ভূত পশু জবাইয়ের অভিযোগে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১–এর ২৪ ধারা অনুযায়ী ২ মামলায় ৮,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক এবং দেবিদ্বার থানা পুলিশের একটি টিম।
প্রশাসন জানায়, ভোক্তা অধিকার সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
