জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটায় উপজেলা পরিষদ বাস্তবায়িত লজিক (লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ) প্রকল্পের ভবনের তালা ভেঙে ব্যাটারি, মটর সহ মূল্যবান সেচ সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ভবনের দরজার তালা ও হ্যাজবোল্ট ভেঙে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় প্রকল্প সভাপতি মো. আবুল হাসান মুন্সি (৬৮) শরণখোলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকল্পের মালামাল রাখা ভবনটি তালাবদ্ধ করে বাড়ি যান সভাপতি আবুল হাসান। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রকল্প এলাকায় গিয়ে তিনি দরজার তালা ভাঙা দেখতে পান।
পরে ভিতরে ঢুকে দেখেন—হ্যামকো ব্র্যান্ডের ৮টি ১২ ভোল্ট ব্যাটারি, একটি প্যাডরোলো ৩ হর্সপাওয়ার মোটর এবং অন্যান্য যন্ত্রাংশ উধাও। চোরাই মালামালের মোট মূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা।
ভুক্তভোগী আবুল হাসান জানান, “ঘটনাটি পরিকল্পিত। রাতের অন্ধকারে চোরের দল তালা ভেঙে সরঞ্জাম নিয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মালামালের কোনো সন্ধান পাওয়া যায়নি।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. নজরুল মুন্সি, বেলায়েত মুন্সি ও আবু ত্বহাসহ কয়েকজন চুরির আলামত দেখেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
শরণখোলা থানার ওসি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, লজিক প্রকল্পের এসব মালামাল সেচ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার এ ধরনের চুরি প্রকল্পের কার্যক্রম ব্যাহত করবে। তারা প্রকল্প এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
