বরগুনায় ৭ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান
মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে ৭ শতাধিক হিন্দু ভোটারের বিএনপিতে যোগদান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলায় ৭ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন।
২৮ নভেম্বর শুক্র রাতে বেতাগী পৌরসভার জেলে পাড়ায় স্থানীয় বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তারা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-০২ আসনের মনোনীত প্রার্থী জননেতা জনাব আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মণির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মণি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য দূর হবে।
তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতিকে সুসংহত করে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি। বরগুনা-০২ আসনে অতীতের মতো ভবিষ্যতেও ধারাবাহিক উন্নয়ন অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার প্রতি সমর্থন জানিয়ে যোগদানকারী হিন্দু ধর্মাবলম্বীরা জানান, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার স্বার্থেই তারা ধানের শীষের পক্ষে ভোট প্রদান করবেন। তারা বলেন, দেশের নেতৃত্বে তারেক রহমানকে দেখতে চান এবং বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সক্রিয়ভাবে মাঠে কাজ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মল্লিক। সভায় আরও বক্তব্য দেন— বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান কবির, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. শফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়জুল মালেক সজীব প্রমুখ।
