মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি :
বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির কাছাকাছি ওজনের একটি ইলিশ। মাছটি অতিরিক্ত মূল্য নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।
১৯ নভেম্বর বুধবার বিকালে ছোটবগী ইউনিয়নের নকরী এলাকার জেলে আবুল হোসেনের জালে ধরা পড়ে প্রায় আড়াই কেজি ওজনের এই রাজা ইলিশটি।
জানা যায়, নকরী এলাকার পায়রা নদীতে প্রতিদিনের মতো মাছ ধরতে জাল ফেলেন জেলে আবুল হোসেন। পরে অন্যান্য ইলিশের সঙ্গে জালে উঠে আসে বিরল আকারের এই বড় ইলিশ। মাছটি প্রথমে তালতলী বাজারে ‘মায়ের দোয়া মৎস্য ভান্ডার এ ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
এরপর তালতলী মাছ বাজারে খোলা ডাকের মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী আল-আমীন ১৬ হাজার টাকায় ইলিশটি কিনে নেন। তিনি মাছটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
