মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি :
বরগুনার বেতাগীতে বাস ও মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।উপজেলার পুটিয়াখালীর দক্ষিণ পাড় ছোট ঝোপখালী হাওলাদার বাড়ির সামনে বরিশালগামী একটি বাস ও মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরের দিকে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে পুঠিয়াখালী এলাকায় প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রাটির সঙ্গে তীব্র ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
