শাহ সাহিদ উদ্দিন
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে আবাসিক লাইনে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দেবিদ্বার জোনাল অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা গেট থেকে কয়েকশ নারী-পুরুষের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসের সামনে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিয়মিত বিল পরিশোধ করেও দিন দিন গ্যাস না পাওয়ায় ঘরোয়া রান্নাবান্না ও দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।
হাসপাতালের কর্মী তাসলিমা আক্তার বলেন,
“সারাদিন কাজ করে বাড়ি ফিরে দেখি গ্যাস নেই। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য বাইরে থেকে খাবার কিনে খাওয়া অসম্ভব। বিষয়টি অত্যন্ত কষ্টকর ও অমানবিক।”
আরেক গ্রাহক নজরুল ইসলাম অভিযোগ করেন,
“গ্যাস বিল নিয়মিত পরিশোধ করলেও ঠিকমতো সেবা মেলে না। বকেয়া হলে লাইন কেটে দেওয়া হয়, আবার জরিমানাও করা হয়। গভীর রাতে সীমিত গ্যাস সরবরাহ পেয়ে রাত জেগে রান্না করতে হয়। গ্যাসের চাপ না থাকায় অনেক সময় সন্তানরা নাস্তা না খেয়েই স্কুল-কলেজে যেতে বাধ্য হয়।”
বিক্ষোভে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (মুঠোফোনে), কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী, গুণাইঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাজ উদ্দিন সাজু, পৌর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন, সোয়েব আহমেদ মোল্লা প্রমুখ।
এই মানববন্ধন সরকারের বিরুদ্ধে নয়; আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
দেবিদ্বার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান,গ্রাহকদের দাবি ন্যায্য। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। জাতীয় পর্যায়ের সংকট থাকায় সমাধানের উদ্যোগ জরুরি।”
