জমি বিক্রি করে রাজনীতি করেছি- মির্জা ফখরুল

প্রকাশিত: November 26, 2025 | সময়: 1:44 pm
IMG-20251126-WA0019

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজের বা দলের ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করে আসছেন। তিনি দাবি করেন, “জমি বিক্রি করে রাজনীতি করেছি, দেশের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য।”

মঙ্গলবার (২৫নভেম্বর) রাত সাড়ে নয়টায় ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তার পরিবার ও বিএনপি নেতাকর্মীদের ওপর “নির্যাতনের স্টিমরোলার” চালানো হয়েছে, কিন্তু তবুও তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হননি।

সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও নৈরাজ্য প্রসঙ্গে তিনি বলেন, দেশে মব ভায়োলেন্স ও বিশৃঙ্খলা বাড়ছে, যা কোনো সভ্য দেশের জন্য গ্রহণযোগ্য নয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি দ্রুত পার্লামেন্ট নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, জেলাভিত্তিক কৃষি ও শিল্পকে একত্রে সংগঠিত করতে পারলে অর্থনৈতিক সাফল্য বাড়বে।

সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।