নির্বাচনী হাওয়ায় আমলা ইউনিয়ন: আলোচনার শীর্ষে বিএনপি নেতা এমদাদুল হক এমদাদ
আসাদুল ইসলাম
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৬নং আমলা ইউনিয়নের মাঠে-ঘাটে শুরু হয়েছে জোর নির্বাচনী সমীকরণ। নির্বাচনী হাওয়া বইতে শুরু করতেই রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাজপথের লড়াকু বিএনপি নেতা এমদাদুল হক এমদাদ।
পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দীর্ঘদিনের ত্যাগী রাজনৈতিক পরিচয়ের কারণে আগামী নির্বাচনে আমলা ইউনিয়ন পরিষদে তাকেই বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান সর্বস্তরের জনগণ।ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শকে ধারণ করে মাঠে সক্রিয় ছিলেন এমদাদুল হক এমদাদ।
স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের প্রতিটি সংকটকালে সাহসী ভূমিকা রাখা এই তোখড় সাবেক ছাত্রনেতা পরবর্তীতে কুষ্টিয়া জেলা যুবদলের সহসভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।শুধু দলীয় রাজনীতিতেই নয়,বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি কুড়িয়েছেন ব্যাপক সুনাম। বিশেষ করে এলাকার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে ইতোমধ্যে নিজ উদ্যোগে একশটিরও বেশি ফুটবল বিতরণ করেছেন তিনি।
এছাড়া এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা প্রদানসহ সাধারণ মানুষের যেকোনো বিপদে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।নিজের নির্বাচনী পরিকল্পনা ও দলীয় অবস্থানের কথা জানিয়ে এমদাদুল হক এমদাদ বলেন:”দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমলা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, যুব ও নারী-বান্ধব মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় এবং সম্মানিত ভোটারদের ভালোবাসা ও ভোটে জয়যুক্ত হই, তবে প্রতিটি উন্নয়ন ও নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ।
তবে ব্যক্তির চেয়ে দল বড়। দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্তকে শিরোধার্য মনে করে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”বর্তমানে আমলা ইউনিয়নের হাটে-বাজারে, চায়ের দোকান থেকে শুরু করে ফসলের মাঠ—সবখানেই চলছে এমদাদুল হক এমদাদের জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তার বন্দনা। এলাকার মানুষের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে আগামী দিনের আমলা ইউনিয়ন পরিষদ গঠনে এমদাদুল হক এমদাদই শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় রাজনীতি বিশ্লেষক ও সাধারণ সচেতন ভোটাররা।

