শরণখোলায় ইনক্লুসিভ কমিউনিটি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: July 22, 2026 | সময়: 11:20 am
IMG-20260722-WA0076

শরণখোলায় ইনক্লুসিভ কমিউনিটি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন

জাকারিয়া হোসাইন
বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই-২০২৬ ইং শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের অগ্রদূত ক্লাবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। এ,এস,বি এর অর্থায়নে ও ‘সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভলপমেন্ট’ (সিডিডি)’র আয়োজন।

প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং সাউথখালী ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ইউনিয়ন টিম লিডার মোঃ আসলাম হোসেন (সত্তার)। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সিপিপি-র নারী ও পুরুষ সদস্যবৃন্দ প্রশিক্ষণে অংশ নেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সিডিডি-র শরণখোলা উপজেলা কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম এবং সহকারী সুমি খানম ও আরিফা আক্তার। দিনব্যাপী এই প্রশিক্ষণে মূলত দুর্যোগকালীন সময়ে সমাজে পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমাজে কত প্রকার প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন এবং তাদের শারীরিক ও মানসিক ধরণগুলো কেমন, সে বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের ফলে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে কী ধরণের প্রাকৃতিক দুর্যোগ ও সংকট তৈরি হচ্ছে এবং এর ফলে স্থানীয় বাসিন্দারা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তা নিয়ে আলোচনা করা হয়।
দুর্যোগের প্রাক-মুহূর্তে বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে কীভাবে প্রারম্ভিক সতর্কতা ও সতর্কবার্তা পৌঁছানো যায়, সেই কৌশলগুলো শিখিয়ে দেওয়া হয় (যেমন: বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা বা বিশেষ সংকেত এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সরাসরি কথা বলে জানানো)।

দুর্যোগের পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে সিপিপি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও করণীয় কী, তা সুনির্দিষ্টভাবে আলোচনা করা হয়। দুর্যোগের চরম মুহূর্তে সমাজে সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ব্যক্তি, গর্ভবতী নারী, শিশু এবং বৃদ্ধদের উদ্ধার ও আশ্রয়কেন্দ্রে নেওয়ার সময় তাদের সাথে কেমন আচরণ করা উচিত এবং কীভাবে তাদের বিশেষ যত্ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে সমাজের প্রতিটি মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে প্রতিবন্ধী ও নারীদের বাদ দিয়ে টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা সম্ভব নয়। সিপিপি সদস্যদের এই ধরণের ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) প্রশিক্ষণ দুর্যোগের সময় জীবন ও সম্পদের ক্ষতি কমাতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।