লালমাইয়ে রাজনৈতিক প্রতিহিংসায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগের বিরুদ্ধে যুবদল নেতার প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী সাইফুল ইসলাম (কাজী সুমন) তাঁর বিরুদ্ধে রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন তিনি।
কাজী সুমন সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যুক্তিখোলা বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানকে দিয়ে তাঁর বিরুদ্ধে এ অভিযোগ করিয়েছে।
এতে তাঁর রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে রাজনীতি করে আসছেন। এমপি মহোদয়ের সহয়তায় যুক্তিখোলা নতুনপাড়ার দীর্ঘদিনের অবহেলিত মাটির রাস্তা সংস্কারের জন্য একটি বরাদ্দ পাওয়া আসে।
স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে তিনি সরকারি নিয়ম অনুসরণ করে রাস্তা ভরাটের কাজ শুরু করেন
কাজী সুমন।
তিনি বলেন, রাস্তার পাশে ব্যবসায়ী মিজানুর রহমানের একটি ফিশারির পাড় ভেঙে যাওয়ায় স্থানীয়দের অনুরোধে সেটি মেরামতের বিষয়টি সামনে আসে।
যদিও প্রকল্পে ফিশারির পাড় নির্মাণ বা সংস্কারের কোনো কাজ অন্তর্ভুক্ত ছিল না। এরপরও স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে তিনি ফিশারির মালিকের দেওয়া সামান্য কিছু অর্থের পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৬ হাজার টাকা ব্যয় করে পাড়টি মেরামত করে দেন এবং রাস্তার কাজও সম্পন্ন করেন।
তিনি অভিযোগ করেন, বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী হওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসাবশত ঘটনাটিকে চাঁদাবাজির অভিযোগ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।
কাজী সুমন আরও জানান, তিনি বিষয়টি তাঁর রাজনৈতিক নেতার কাছে অবহিত করেছেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

