কয়রায় গাজী কওসার স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরার জয়
দেলোয়ার হোসেন গাজী
কয়রা( খুলনা) উপজেলা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় বামিয়া জিআইবি ক্লাবের আয়োজনে গাজী কওসার স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা জেলা ফুটবল টিম ৩-১ গোলে খুলনা জেলা ফুটবল টিমকে পরাজিত করেছে।
বুধবার বিকালে বামিয়া মাঠে আয়োজিত এই ম্যাচে দুই জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে খেলাটি উপভোগ্য হয়ে ওঠে। স্থানীয় শতশত ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
বামিয়া জিআইবি ক্লাবের সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি হিসেবে বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সামাদ গাজী, চেয়ারম্যান প্রার্থী মাওলানা সালাহ উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজক কমিটি জানায়, মরহুম গাজী কওসার-এর স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছর এই প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

