মির্জাগঞ্জ থানার ওসি আঃ ছালাম পেলেন আইজিপি ‘গুড সার্ভিস’ ব্যাজ
মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
বিশেষ প্রতিনিধিঃ
মির্জাগঞ্জ থানার ওসি আঃ ছালাম পেলেন আইজিপি ‘গুড সার্ভিস’ ব্যাজ।
পুলিশের কর্মতৎপরতা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্রারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ (আইজিপি ব্যাজ) অর্জন করেছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আঃ ছালাম। গত ৭ মে ২০২৬ খ্রি. পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, বিগত ১ মার্চ ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকায় তার ক্রমিক নম্বর ১২৮ এবং তিনি ক্যাটাগরি-এফ এ এই ব্যাজ প্রাপ্ত হন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক সনদে তার এই সাফল্যের প্রশংসা করে বলা হয়, “এই স্বীকৃতি তাকে আরো দৃঢ়তা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে অনুপ্রাণিত করবে।”
মোঃ আঃ ছালাম বর্তমানে মির্জাগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত আছেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে অপরাধ দমন, মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তার এই অর্জনে মির্জাগঞ্জ থানার সহকর্মী এবং স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নিজের এই অর্জনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোঃ আঃ ছালাম বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। দেশ ও জনগণের জানমালের নিরাপত্তায় নিজেকে বিলিয়ে দেওয়ার এই ধারা আমি আগামীতেও অব্যাহত রাখতে চাই।

