রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক আহত এক

প্রকাশিত: May 16, 2026 | সময়: 5:25 pm
IMG-20260516-WA0072

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক আহত এক

রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে।

এ সময় গুলিবিনিময়ের ঘটনায় একজন সদস্য গুলিবিদ্ধ হন।
শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে গুইমারা সাব-জোনের দায়িত্বপূর্ণ এলাকার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করলে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।
এ ঘটনায় সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সদস্য ডান কাঁধে গুলিবিদ্ধ হন।

পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, চারটি মোবাইল ফোন এবং একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।