রামগড়ে অবৈধ বালু উত্তোলনে অভিযানকালে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ১৫
রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ইউএনও কাজী শামীমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি মোবাইল কোর্টের ওপর হামলা চালায়। হামলায় ইউএনও কাজী শামীম, রামগড় থানার ওসি নাজির আলম, পিআইও অফিসের কর্মচারী জয়নাল আবেদীন, আনসার সদস্য নুর মোহাম্মদ, খুরশেদ আলম, আবদুল ওহাব এবং ইউএনওর গাড়িচালক কামাল উদ্দিনসহ আরও কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে স্থানীয় চারজন আহত হয়েছেন। তারা হলেন নুর হোসেন, সুমন ত্রিপুরা, আবুল হাশেম ও মো. আজাদ। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে স্থানীয় কৃষকদের অভিযোগ ভিন্ন। কৃষক ওমর ফারুক বলেন, “অভিযানের সময় আমাদের তিনটি সেচ মেশিন ভেঙে ফেলা হয়। এর প্রতিবাদ করলে গ্রামবাসীর ওপর গুলি চালানো হয়।”
এ বিষয়ে রামগড় থানার ওসি নাজির আলম বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালে মোবাইল কোর্টের ওপর হামলা করা হয়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়া হয়েছে।”
ইউএনও কাজী শামীম জানান, ঘটনাস্থলে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অন্তত ১০টি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। হামলায় সরকারি গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

