প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় অংশ নিতে ঢালী রোকনুজ্জামানের আহ্বান
আবির হোসেন
বিশেষ প্রতিনিধিঃ
বছরের পর বছর কেটে গেছে। কেউ চাকরির সুবাদে দেশের এক প্রান্তে, কেউ বিদেশে, আবার কেউ ব্যবসা কিংবা পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জীবনের ব্যস্ততায় হারিয়ে গেলেও স্মৃতির পাতায় এখনো অমলিন হয়ে আছে স্কুলজীবনের সেই দিনগুলো—শ্রেণিকক্ষের দুষ্টুমি, টিফিনের আড্ডা, মাঠজুড়ে খেলাধুলা আর বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত।
সেই পুরোনো সম্পর্ক ও স্মৃতিকে আবারও এক সুতোয় গাঁথতে উদ্যোগ নেওয়া হয়েছে কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার।
আগামী পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ রিইউনিয়ন।
অনুষ্ঠানকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা ও যোগাযোগ। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের সহপাঠীদের খুঁজে বের করে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
এই আয়োজনকে সফল করতে বিদ্যালয়ের সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, ছোট ও বড় ভাইদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ইয়ুথ আইকন কয়রা ও ইয়াং মুসলিম সোসাইটির সেক্রেটারি ঢালী রোকনুজ্জামান।
তিনি বলেন, “রিইউনিয়ন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। দীর্ঘদিন পর বন্ধু ও সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ার আনন্দই আলাদা। আমরা চাই, বিদ্যালয়ের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিয়ে এটিকে স্মরণীয় করে তুলুক।”
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষকদের সম্মাননা, প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, ফটোসেশনসহ নানা আয়োজন থাকবে।
পাশাপাশি বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে জানান, দীর্ঘদিন পর এক ছাদের নিচে সবাইকে একত্রিত হওয়ার সুযোগ তৈরি হওয়ায় তাঁরা উচ্ছ্বসিত।
বিশেষ করে যাঁরা বহু বছর ধরে এলাকার বাইরে অবস্থান করছেন, তাঁরাও এই অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে গঠন করা হয়েছে অর্থ সংরক্ষণ কমিটি।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিহির কান্তি মন্ডল, সহকারী শিক্ষক, বেদকাশি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা মনজুর মোর্শেদ, প্রভাষক, কপোতাক্ষ মহাবিদ্যালয়।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক, কয়রা মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আয়োজকরা। তাঁদের প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় দায়িত্বসমূহ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
আয়োজকদের ভাষ্য, এই মিলনমেলা শুধু পুরোনো বন্ধুদের পুনর্মিলন নয়; বরং বিদ্যালয়ের প্রতি ভালোবাসা, নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক তৈরি এবং সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করার একটি প্রয়াস।
তাঁরা আশা করছেন, ঈদের আনন্দের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের এই মহামিলন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে।
এদিকে অনুষ্ঠান সফল করতে নিবন্ধন কার্যক্রম ও সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে।
আয়োজকেরা বিদ্যালয়ের সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারসহ উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এই রিইউনিয়ন স্মরণীয় হয়ে থাকবে।

