রামগড়ের কলাবাড়ি উচ্চ বিদ্যালয় ভবন অগ্নিকান্ডে পুড়েছাই
রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলার কলাবাড়ি উচ্চ বিদ্যালয় ভবনটি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, কাঠ ও টিনের তৈরি বৃহৎ ভবনটি একাডেমিক কার্যক্রম ও অফিস হিসেবে ব্যবহৃত হতো। হঠাৎ রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
এতে শ্রেণিকক্ষ, শিক্ষকদের অফিস কক্ষ, আসবাবপত্র, কম্পিউটার, আইপিএসসহ সকল শিক্ষাসামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের জানান, রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল।
তবে অগ্নিকাণ্ডে সব পরিকল্পনা ভেস্তে যায়।
জানা যায়, ২০২২ সালে তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাত এর উদ্যোগে দুর্গম পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ি এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই ভবনটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে।
রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

