গোপালগঞ্জে ১৫০০ লিটার পেট্রোল মজুদ রাখায় গঙ্গা মটরসকে জরিমানা
আজিজুর রহমান
স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের পাহাড়িয়া এলাকায় অবৈধভাবে ১৫০০ লিটার পেট্রোল মজুদ রাখার অপরাধে ‘গঙ্গা মটরস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স।
জানা গেছে, পাচুড়িয়া বাজারে অবস্থিত গঙ্গা মটরস অধিক মুনাফার আশায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রাখে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১৫০০ লিটার পেট্রোল জব্দ করে।
আইন অমান্য করে বিপুল পরিমাণ তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

