শিবগঞ্জে ভাঙচুর সংক্রান্ত গুজব ও অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: March 30, 2026 | সময়: 4:57 pm
IMG-20260330-WA0027

শিবগঞ্জে ভাঙচুর সংক্রান্ত গুজব ও অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ মাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২ নং শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নামোচাকপাড়া গ্রামবাসীর উদ্যোগে আমবাগানের তারবেড়া ভাঙচুর সংক্রান্ত কথিত গুজব ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকালে নামোচাকপাড়া গ্রামে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, মোঃ জেনারুল ইসলাম, মো. ইব্রাহিম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ, হারুন আর রশিদ, হুরায়রা বেগম, খাতিজা বেগম ও তাসলিমা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, প্রকৃত ঘটনা ভিন্ন হলেও তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে, যা এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা।
তারা আরও অভিযোগ করেন, প্রতিপক্ষরা আমাদের নিজস্ব জমিতে প্রবেশে বাধা দিচ্ছে এবং বিষয়টিকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি তারবেড়া ভাঙচুরের ঘটনাটি নিজেরাই ঘটিয়ে তা অন্যদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা। মানুষ না মরলে কবরস্থানে যেতে দেওয়া হয় না নামোচাকপাড়া গ্রামবাসীদের।
এছাড়া সামাজিক ও ধর্মীয় কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা।

মানববন্ধন থেকে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।