পাটগ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ আহত ১০ আটক ৫
মিলন কুমার বর্মন
নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
রোববার (রাত ১০টা) উপজেলার কালিরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিরহাট এলাকার এক জামায়াত কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমান-কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট দেন।
বিষয়টি নিয়ে স্থানীয় কালিরহাট বাজারে ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক বেলাল হোসেনের সঙ্গে ওই জামায়াত কর্মীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে বিএনপি ও জামায়াতের অন্তত ১০ জন কর্মী আহত হন।
আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

