সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে বিএফএ’র মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ
সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় বিএফএ’র চেয়ারম্যান ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রায় ২০ হাজার সার ডিলার ও খুচরা সার বিক্রেতা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালা বহাল রেখে অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে একতরফাভাবে প্রণীত ২০২৫ সালের নীতিমালার কার্যক্রম স্থগিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।
সভাপতির বক্তব্যে বিএফএ’র চেয়ারম্যান ওয়ালিউর রহমান বলেন, ডিলার ও খুচরা বিক্রেতাদের যৌক্তিক দাবি সরকার দ্রুত মেনে না নিলে আগামী দুই কর্মদিবসের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এতে রাজনৈতিকভাবে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে, যার দায়ভার সরকারকেই বহন করতে হবে।
তিনি আরও বলেন, সার নীতিমালা ২০০৯ সুষ্ঠু সার ব্যবস্থাপনার জন্য একটি পরীক্ষিত নীতিমালা। দীর্ঘদিন ধরে এই নীতিমালার আওতায় দেশের কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিতে কোনো সমস্যা হয়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ মহলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত না নিয়েই তড়িঘড়ি করে ২০২৫ সালের নীতিমালা প্রণয়ন করেছে, যা জনস্বার্থবিরোধী।
বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই নীতিমালা বাস্তবায়ন হলে কৃষি খাতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ১৯৯৫ সাল থেকে ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ডিলাররা দেশের কৃষি খাতে সারের সুষ্ঠু ব্যবহার ও বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
মানববন্ধনে ডিলারদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও খুচরা সার বিক্রেতাদের পক্ষে বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক-১ মোশারফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক মো. হানিফসহ আরও অনেকে।

