ঘাটাইলে মাহে রমজান উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ বিপ্লব হোসেন
টাংগাইল প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) উপজেলার গুণগ্রাম এলাকার ড্রিম স্টেয়ার স্কুল প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো এই ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রমজানের তাৎপর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মকে ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ক্বেরাত, আজান এবং হামদ-নাত পরিবেশনসহ বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক, খ ও গ—এই তিনটি গ্রুপের পাশাপাশি উন্মুক্ত বিভাগেও প্রতিযোগীরা অংশগ্রহণ করে। জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হুজুর ও সমাজসেবী আরিফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ড্রিম স্টেয়ার স্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান খান, সহকারী প্রধান শিক্ষক জাহিদ হাসান রনি, বিশেষ অতিথি এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৪৫ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে

