নাগেশ্বরীতে গ্রামীণ সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে

প্রকাশিত: February 26, 2026 | সময়: 5:56 am
IMG-20260226-WA0004

নাগেশ্বরীতে গ্রামীণ সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে

রাহিমুল ইসলাম সজীব

নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অধিকাংশ পাকা গ্রামীণ সড়ক বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব সড়ক এখন ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হয়েছে।

এতে যানবাহন চালক ও সাধারণ পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না; সংস্কারের বিষয়টি এখনো আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, অনেক সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার অবস্থা এতটাই খারাপ যে তা পাকা সড়ক বলে বোঝার উপায় নেই। ঝুঁকি নিয়েই প্রতিদিন এসব সড়ক দিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও স্থানীয় বাসিন্দারা।

উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)–এর অধীনে প্রায় ২০৮ কিলোমিটার পাকা গ্রামীণ সড়ক রয়েছে। এর মধ্যে প্রায় ১৭৩ কিলোমিটার সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বছরের পর বছর অবহেলার কারণে সড়কগুলোর এই করুণ অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
বর্ষা মৌসুমে কাদা আর শুকনো সময়ে ধুলাবালিতে দুর্ভোগ আরও বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালক ও এলাকাবাসী।

ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা আরিফ মিয়া জানান, ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ সড়কই নষ্ট হয়ে গেছে, দ্রুত মেরামত প্রয়োজন। অন্যদিকে, নাগেশ্বরী শহরের অটোচালক হাফিজ বলেন, কুড়িগ্রাম-সোনাহাট সড়ক ছাড়া প্রায় সব রাস্তাই চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

তথ্যমতে, উপজেলায় এলজিইডির অধীনে মোট ৮৩২ কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে ২০৮ কিলোমিটার পাকা।