ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টেভুক্ত আসামি দীপু গ্রেফতার
ভূরুঙ্গামারী প্রতিনিধি :
চতুরতার সাথে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না ওয়ারেন্টের আসামি দীপুর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মোহিবুল্লাহ দীপু (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা মোঃ হাসান আলী মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং–১১৫/২৫ (ভূরু)-এর প্রেক্ষিতে দীপুর বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে নিয়মিত গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছিল। তবে গ্রেপ্তার এড়াতে তিনি অত্যন্ত চতুরতার পরিচয় দিচ্ছিলেন।
প্রায় প্রতি মাসেই নতুন ওয়ারেন্ট থানায় আসলেও পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্রই তিনি কৌশলে আত্মগোপনে চলে যেতেন। বারবার স্থান পরিবর্তন ও লুকিয়ে থাকার কারণে তাকে পাকড়াও করতে পুলিশকে বেশ হিমশিম খেতে হচ্ছিল।
অবশেষে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুনের নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আসামির সঠিক অবস্থান নিশ্চিত করে।
এরপর সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন জানান, ধৃত আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

