বরগুনার গৌরীচন্নায় ৮ বছর পরিত্যক্ত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: February 21, 2026 | সময়: 4:09 pm
IMG-20260221-WA0169

বরগুনার গৌরীচন্নায় ৮ বছর পরিত্যক্ত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি :

বরগুনা গৌরীচন্নায় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বাউন্ডারি ওয়ালের ভেতরে আটকে থাকা পরিত্যক্ত শহীদ মিনারে অবশেষে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তারা এই উদ্যোগ নেয়। খবরে বলা হয়, দীর্ঘ ৮ বছর ধরে বাউন্ডারী ওয়ালের ভেতর আটকা পড়ে আছে শহীদ মিনারটি।

 

বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের গৌরীচন্না বাজারে অবস্থিত শহীদ মিনারটি প্রায় আট বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ২০১৯ সালে ফুলঝুড়ি ইউনিয়ন ভূমি অফিস কর্তৃপক্ষ শহীদ মিনারটি ভেতরে রেখে বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় সেখানে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয়রা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছিলেন না। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর উদ্যোগ নিয়ে পরিত্যক্ত মিনারটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে রং করা হয়।

 

জানা যায়, ২০০৩ সালে ফুলঝুড়ি বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে গৌরীচন্না বাজারে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। শহীদ মিনারটি ভূমি অফিসের পূর্ব পাশে ও বরগুনা–বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং বাজারের ব্যবসায়ীদের আবর্জনা ফেলার কারণে মিনারটি জরাজীর্ণ হয়ে পড়ে।

 

স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ জানিয়েছেন , দীর্ঘ আট বছর পর শহীদ মিনারটি পরিষ্কার করে রং করা হয়েছে। বাউন্ডারি না খুললেও আজ সকালে ভূমি অফিসের লোকজন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এতে স্থানীয়রা খুশি।

 

বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল ওয়াসী মতিন বলেন, আবর্জনা পরিষ্কার ও রং করার ফলে শহীদ মিনারটি শ্রদ্ধা নিবেদনের উপযোগী হয়েছে। তবে বাউন্ডারি সরিয়ে জনসাধারণের যাতায়াতের পথ করে দিলে আরও ভালো হবে।

বরগুনা জেলা গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব বলেন শহীদ মিনারে যাতায়াতের পথ তৈরি এবং সংরক্ষণের ব্যাবস্থা করলে আরো ভালো হবে।
পত্রিকায় প্রকাশের পর প্রশাসন জরুরি ভিত্তিতে আবর্জনা পরিস্কার ও রং করে শহীদমিনারটিতে শ্রদ্ধা নিবেদনের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেন।

 

বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, আপাতত আবর্জনা পরিষ্কার করে রং করা হয়েছে। এখন শহীদ মিনারটি শ্রদ্ধা নিবেদনের উপযোগী হয়েছে এবং সকালে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।