শ্রমমন্ত্রী হচ্ছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া—জোর গুঞ্জন

প্রকাশিত: February 14, 2026 | সময়: 11:51 am
Untitled-2-20251104042346

চট্টগ্রাম ব্যুরো চিফ:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া-র নাম আলোচনায় এসেছে।
বিভিন্ন মহলে এ নিয়ে জোর গুঞ্জন চলছে।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বিএনপির গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শ্রম খাতকে আধুনিক ও যুগোপযোগী করতে দলীয়ভাবে নতুন নেতৃত্ব আনার বিষয়ে আলোচনা চলছে। এ ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াদুদ ভুঁইয়ার ওপর আস্থা রাখতে পারেন বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিষয়টি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
ওয়াদুদ ভুঁইয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে খাগড়াছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসন থেকে বিপুল ভোটে জয়ী হন।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রামগড় রাজনৈতিক জেলা শাখার সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর রামগড় রাজনৈতিক জেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করেন।
২০০৯ সালে তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পান।
দলীয় সূত্র বলছে, শ্রম ও কর্মসংস্থান খাতে সংস্কার ও গতিশীলতা আনতে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা বিবেচনায় ওয়াদুদ ভুঁইয়ার নাম সামনে এসেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।