ধলাদিয়া সাইনবোর্ড এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ

প্রকাশিত: February 10, 2026 | সময়: 8:04 pm
IMG-20260211-WA0013

 

নিজস্ব প্রতিবেদক : মো: সজিব
গাজীপুরের রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামে প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রকাশ্যেই মাদক কেনাবেচা চলছে, যা স্থানীয় সমাজব্যবস্থা ও যুবসমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

এলাকাবাসীর অভিযোগ, শামসুল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ অনুযায়ী, তিনি মেইন রোডসংলগ্ন নিজের দোকানে প্রকাশ্যেই গাঁজা বিক্রি করেন। এমনকি তার স্ত্রীও এই অবৈধ কার্যক্রমে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয়দের ভাষ্যমতে, গাঁজা ব্যবসার আয়েই তিনি ইতিমধ্যে একটি তিনতলা বাড়ি নির্মাণ করেছেন।

আরও অভিযোগ রয়েছে, সম্প্রতি একটি ভিডিওতে শামসুল নিজ মুখেই দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে দাবি করেন এলাকাবাসী। ওই ভিডিওতে তিনি আরও কয়েকজনের নাম উল্লেখ করেন, যাদের মধ্যে মিলন ভান্ডারী, সোহেল ভান্ডারী, শহীদ ভান্ডারী, মিলন এবং হাসান নামে এক রিকশাচালকের নাম রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, এরা প্রত্যেকেই এই মাদক চক্রের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত।

স্থানীয়রা জানান, প্রশাসন ও পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও তরুণ সমাজ এই মাদক সহজেই পাচ্ছে, যা এলাকায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

এলাকাবাসী দ্রুত এই মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি