জামালপুরে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
মাসফি আকন্দ
জামালপুর প্রতিনিধি :
জামালপুরে জেঁকে বসেছে পৌষের হাড়কাঁপানো শীত। গত কয়েক দিন ধরে জেলাজুড়ে শীতের তীব্রতা ক্রমাগত বাড়ছে। কনকনে ঠাণ্ডা বাতাসের সাথে কুয়াশার সংমিশ্রণে জনজীবনে চরম স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে হিমেল হাওয়ার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো শিশির পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়ে গেছে।
তীব্র শীত ও ঠাণ্ডা বাতাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবন-জীবিকার তাগিদে হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই কাকডাকা ভোরে কাজে বের হতে হচ্ছে রিকশাচালক, দিনমজুর ও কৃষি শ্রমিকদের। পর্যাপ্ত শীতের কারণে অনেককেই রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
যমুনা ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত চরাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা আরও শোচনীয়। খোলা প্রান্তরের হিমেল বাতাস সরাসরি জনবসতিতে আঘাত হানায় সেখানে স্বাভাবিক কাজকর্ম প্রায় বন্ধ হওয়ার উপক্রম। চরের বাসিন্দারা জানান, প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে শিশু ও বৃদ্ধরা প্রচণ্ড কষ্ট পাচ্ছেন।
শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে জেলাজুড়ে দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ। বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। জামালপুর জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর ভিড় লক্ষ্য করা গেছে।
শহরের এক দিনমজুর বলেন, “ঠাণ্ডায় হাত-পা অবশ হয়ে আসে, কিন্তু কাজ না করলে পেটে ভাত জুটবে না। কুয়াশার কারণে রাস্তায় ঠিকমতো দেখা যায় না, তার ওপর হিমেল বাতাসে শরীর কাঁপে।”
আবহাওয়া পরিস্থিতি এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোতে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ও সেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

