ঝাউচরে নির্মমভাবে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: January 3, 2026 | সময়: 1:26 pm
IMG-20260103-WA0053

ঝাউচরে নির্মমভাবে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

হাজারীবাগের ঝাউচর এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের বয়স আনুমানিক ২৪ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক রাত ২টা ৪৫ মিনিটের দিকে হাজারীবাগ থানাধীন ঝাউচর এলাকার সিয়াম স্কুল গলিতে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে পুলিশ দেখতে পায়, নিহত যুবকের মাথায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। এছাড়া তার হাতের কব্জি কাটা, বাম হাতের কনুই সংলগ্ন আঙুল ও পাশের আঙুলের উপরের অংশ বিচ্ছিন্ন, ডান পায়ের হাঁটু বরাবর এবং বাম পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের কোপের গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার অবস্থা গুরুতর হয়ে পড়ে।

পরবর্তীতে পুলিশ আহত যুবককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।