আমলায় ‘ইনোভেশন মডেল স্কুল’-এর শুভ উদ্বোধন

প্রকাশিত: December 30, 2025 | সময়: 2:46 pm
IMG-20251230-WA0115

 

​আসাদুল ইসলাম
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় ‘প্রাইভেট ও কোচিং মুক্ত’ শিক্ষা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘ইনোভেশন মডেল স্কুল’। ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে আমলা বাজারের পূর্ব পার্শ্বে সানি ভিলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

​আমলা সরকারি কলেজের অধ্যক্ষ আ.জ.ম. মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন শিক্ষাধারার উদ্বোধন করেন। মেভস-এর অধ্যক্ষ মো. মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমলা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম।

​আধুনিক ও বৈচিত্র্যময় পাঠদান অঙ্গীকার করেন প্রতিষ্ঠানের শিক্ষক,অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইনোভেশন মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম আল মাজী প্রতিষ্ঠানের বিশেষত্ব তুলে ধরে বলেন, “আমরা কেবল চিরাচরিত পুঁথিগত বিদ্যা নয়, বরং মানসম্মত শিক্ষার সাথে আধুনিক প্রযুক্তির কার্যকর সমন্বয় ঘটিয়েছি। বর্তমান যুগের চাহিদাকে মাথায় রেখে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ‘ইংলিশ মিডিয়াম ক্লাসের ব্যবস্থা রেখেছি, যাতে তারা আন্তর্জাতিক ভাষায় দক্ষ হয়ে গড়ে ওঠে।”

​তিনি আরও জানান, শ্রেণিকক্ষেই পাঠ্যবইয়ের সম্পূর্ণ পাঠদান সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের আলাদা কোনো প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন হবে না, যা অভিভাবকদের আর্থিক ও মানসিক দুশ্চিন্তা লাঘব করবে।

​অতিথিদের বক্তব্য: অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. ফিরোজ মাহমুদ, কুশাবাড়ি চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক মিজানুর রহমান, ট্রাভেলার্স ফ্যাশনের স্বত্বাধিকারী সোজাউদ্দিন খাঁন এবং সদরপুর ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুল হক আশা। বক্তারা বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম গড়তে এই স্কুলটি এলাকায় উদাহরণ হয়ে থাকবে।

​ভবিষ্যৎ লক্ষ্য ও অবকাঠামো:বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে একে এসএসসি পর্যন্ত পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. সাইফুল্লাহ।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই আধুনিক শিক্ষা উদ্যোগের সাফল্য কামনা করেন।