খুলনা-৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

প্রকাশিত: December 30, 2025 | সময়: 2:10 pm
IMG-20251230-WA0062

 

আঃ রউফ

পাইকগাছা উপজেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমাদানকারীদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী আসাদুল বিশ্বাস রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দেন।

অপরদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আসাদুল্লাহ আল গালিব এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী পাইকগাছা উপজেলা সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।