নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ব্যানার অপসারণ

প্রকাশিত: December 13, 2025 | সময়: 1:51 pm
IMG-20251213-WA0078

মামুন অর রশীদ

রংপুর বুর‍্যো:

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মাঠে নেমেছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনী এলাকায় দলীয় ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম চালাচ্ছেন জেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে পৌর শহরের সত্যপীর ব্রীজ বাসস্ট্যান্ড গোলচত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় প্রচারণামূলক সামগ্রী সরিয়ে নেওয়া হয়। এ কার্যক্রমে জেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হচ্ছে। তিনি নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, সারা দেশে সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, পৌর যুবদলের সভাপতি মনিরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আলী রনি, সাখাওয়াত হোসেন সাকিব, মো. সাদিকুল ইসলামসহ জেলা ও পৌর যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।