প্রশাসনের চেয়ারে বসে দলীয় রাজনীতি চলবে না- সারজিস আলম

প্রকাশিত: December 9, 2025 | সময়: 12:59 pm
IMG-20251209-WA0067

ঠাকুরগাঁও প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে যদি কেউ নির্বাচনে দলীয় নেতাকর্মীর মতো কাজ করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সরাসরি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা হবে।

তিনি বলেন, “জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন থানায় ওসি, ইউএনও, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পরিবর্তন করা হয়েছে। নতুন কর্মকর্তাদের ওপর আস্থা রেখেই সরকার এই দায়িত্ব দিয়েছে। কিন্তু কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে দলীয় স্বার্থে কাজ করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম আরও বলেন, “যারা অতীত ফ্যাসিস্ট সরকারের সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে, সুবিধা ভোগ করেছে এবং অবৈধ নির্বাচনের মাধ্যমে এমপি-মন্ত্রী হয়েছে, তারা প্রত্যেকেই ফ্যাসিবাদের দোসর। তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “তার প্রত্যাবর্তনের ঘোষণার এক বছর তিন মাস অতিবাহিত হয়ে গেছে, অথচ তিনি এখনো দেশে ফেরেননি। এতে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

এসময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, জেলা আহ্বায়ক রফিকুল আলম, সদস্য সচিব খলিলুর রহমান, রবিউল আওয়াল মুন্নাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।