খোরশেদ আলম সাগর
রংপুর প্রতিনিধিঃ
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় অর্ধ-দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচির আয়োজন করে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখা।
কর্মবিরতিতে ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে অধ্যয়নরত শিক্ষার্থীরাও অংশ নেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।
এসময় বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) রুস্তম আলী রব্বানী, মারদিয়া ফেরদৌসি, ফার্মাসিস্ট আবু সাঈদ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাই আজকে বিকেলের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।
এদিকে, কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।
সকাল থেকেই ফার্মেসি ও প্যাথলজির সামনে অপেক্ষা করতে দেখা গেছে অনেক রোগী ও স্বজনদের।

