রামগড়ে মোটরসাইকেল চালক অপহরণ, দিনভর নির্যাতনের অভিযোগ
রামগড় প্রতিনিধ:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় এক মোটরসাইকেল চালককে অপহরণ করে দিনভর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাকে অচেতন অবস্থায় একটি বিদ্যালয় মাঠে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী নুরুল হক গুইমারা সদর ইউনিয়নের মুসলিমপাড়ার মৃত মো. শাহজাহানের ছেলে। তিনি পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক।
ভুক্তভোগীর অভিযোগ, ঈদের দিন ২৮ মে সকাল প্রায় ৯টার দিকে গুইমারা বাজারের লিচু ব্যাপারীর স্বজলের লিচু নিয়ে গুইমারা বাজারে যাওয়ার পথে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাকলাপাড়া মন্তাজের দোকান এলাকা থেকে উপজাতীয় আঞ্চলিক সশস্ত্র সংগঠনের পরিচয়ধারী ৬ জন অস্ত্রধারী ব্যক্তি তাকে অপহরণ করে।
পরে তাকে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে সারাদিন অভুক্ত রেখে হাঁটানোসহ শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।
নুরুল হক জানান, বিকেল প্রায় ৫ টার দিকে তৈচাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে মারধর করে একটি ভিডিও বক্তব্য রেকর্ড করা হয়। একপর্যায়ে মাথার পেছনে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকেরা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে রামগড় থানা পুলিশ ও সিন্দুকছড়ি সেনা জোনের সদস্যরা হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টার দিকে স্বজনদের জিম্মায় নুরুল হক হাসপাতাল ত্যাগ করে গুইমারার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গেছে।
